Wednesday, November 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও দুই সহযোগী গ্রেপ্তার

চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণার অভিযোগে সক্রিয় চক্রের আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা পুলিশ। এ নিয়ে চক্রটির মোট ১১ জন গ্রেপ্তার হলেন। পুলিশ জানিয়েছে, সর্বশেষ গ্রেপ্তার দুজন চক্রের ফেসবুক পেজের প্রচারণা, পোস্ট বুস্ট এবং ওয়েবসাইট তৈরিতে সহায়তা করতেন।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল চট্টগ্রামের সন্দ্বীপ থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার (৩ নভেম্বর) সন্দ্বীপ থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন দুজনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহারাজ শীলের বাড়ির শান্ত শীল (২৫) এবং আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেউরিয়া এলাকার গোপাল মেম্বারের বাড়ির মিঠুন সূত্রধর (২৯)।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তারকৃত দুজন চক্রের সহযোগী হিসেবে কাজ করতেন। তারা ফেসবুক পেজে প্রচারণা চালানো, বিভিন্ন পোস্ট বুস্ট করা এবং ওয়েবসাইট তৈরিতে সহায়তা করতেন। অভিযানকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিমসহ তিনটি মোবাইল ফোন, চারটি খোলা সিম, একটি ল্যাপটপ ও একটি কম্পিউটার পিসি জব্দ করা হয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, গ্রেপ্তারকৃত দুজনকে বুধবার দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। এর আগে বিভিন্ন সময়ে এ চক্রের আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

   

About

Popular Links

x