Wednesday, November 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

শ্রমিকদের নিরাপত্তা ও কারখানার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ পিএম

শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের ঘটনায় সাভার ও আশুলিয়ার ২ শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

বুধবার (৪ নভেম্বর) উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিকদের নিরাপত্তা ও কারখানার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোবাইলে বিষয়টি নিশ্চিত করেন শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। 

তিনি বলেন, ‘‘সাভার ও আশুলিয়ায় উদ্ভুত পরিস্থিতিতে ২০০ শতাধিক কারখানা ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ।’’ 

এর আগে, সন্ধ্যা সাতটার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেন, ‘‘শ্রমিকদের ঘিরে দুষ্কৃতিকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের লোকজনের সংখ্যাই বেশি। হেমায়েতপুরে শুরুতে তারাই পোশাক কারখানায় হামলা চালায়। এতে শ্রমিকেরা আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে আসেন। প্রকৃত শ্রমিকেরা আজকের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।’’ 

শামীমা পারভীন আরও বলেন, ‘‘হেমায়েতপুর এলাকা থেকে একটি ককটেলসহ একজনকে আটক করা হয়েছে। তিনি ককটেল বিস্ফোরণ করেছিলেন। এ ছাড়া পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে।’’ 

তিনি বলেন, ‘‘সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়েছে।’’

   

About

Popular Links

x