Wednesday, November 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

তাহসিফের মৃত্যুতে গ্রেপ্তার সেই নারী আবারও রিমান্ডে

বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার নারীকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। 

আবেদনে উল্লেখ করা হয়, আদালতের নির্দেশে গত ১ নভেম্বর থেকে চার দিনের রিমান্ডে নিয়ে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঘটনার আগে ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন। ওই দিন সন্ধ্যায় সিপি ফাইভ স্টার স্ন্যাকসে খাবার খেয়েছেন। এছাড়া তাহসিফের সঙ্গে মোটরসাইকেল গ্যারেজে যাওয়াসহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও করেছেন।

আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে সে মামলার ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে সেগুলো গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তদন্ত কর্মকর্তার দাবি, ওই নারী একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরব থেকেছেন। 

এছাড়া মামলার আরেক সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপও বর্তমানে পুলিশ হেফাজতে রিমান্ডে রয়েছেন। ওই নারী ও দীপের দেওয়া বক্তব্যের মধ্যে মিল-অমিল যাচাই করতে দুজনের বক্তব্য মিলিয়ে দেখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

তদন্ত কর্মকর্তা আরও জানান, নিহত তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনায় ওই নারীর সঙ্গে একাধিকবার কথা বলার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

নতুন করে রিমান্ডের আবেদনে সাতটি কারণ উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। এর মধ্যে রয়েছে ঘটনার দিন উত্তরার ১৮ নম্বর সেক্টরের সিপি ফাইভ স্টার স্ন্যাকস ও নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে তাহসিফের সঙ্গে ওই নারীর কোনো কথাকাটাকাটি হয়েছিল কি না, তা যাচাই করা এবং ঘটনার আগে তাদের সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন চলছিল কি না, তা জানা।

পাশাপাশি হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন, অজ্ঞাতপরিচয় অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, আলামত উদ্ধার এবং দুইজনের বক্তব্য মিলিয়ে দেখার জন্য তাকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এদিকে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইমান হোসেন ও আব্দুর রহমানসহ অন্য আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ওই নারীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে গত ৩০ অক্টোবর রাত ১টা ৫ মিনিটে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন তার বাবা।

   

About

Popular Links

x