Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা মেডিকেলে আরও এক কারাবন্দির মৃত্যু, দুই মাসে প্রাণ গেল ২৬ জনের

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কারাবন্দির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম জাকির হোসেন (৫০)।

মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী আতিয়ার শেখ জানান, মঙ্গলবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন। কারা কর্তৃপক্ষের নির্দেশে বিকেল ৪টার দিকে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার বাসা রাজধানীর হাজারীবাগ এলাকায়। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, তা জানাতে পারেননি ওই কারারক্ষী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগের দুই মাসে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় অন্তত ২৬ কারাবন্দির মৃত্যু হয়েছে। অক্টোবরে মারা গেছেন ১০ জন। তারা হলেন ১ অক্টোবর শাহিন আলম, ৪ অক্টোবর মো. সুজন, ৫ অক্টোবর জাকারিয়া মোল্লা, ৬ অক্টোবর এ কে শ্যামল খান, ১২ অক্টোবর আকাশ বিশ্বাস, ১৪ অক্টোবর ইয়াসিন আরাফাত, ২৪ অক্টোবর রফিকুল ইসলাম ও মেহেদী হাসান কাজী, ২৫ অক্টোবর রাতে আরিয়ান আহমেদ ইমরান এবং ৩১ অক্টোবর সকালে মো. ইসমাইল। এর আগে সেপ্টেম্বরে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগারের ১৬ বন্দি অসুস্থ হয়ে মারা যান।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে কারাগারে বন্দির সংখ্যা এক লাখের বেশি। সারা দেশের কারাগারে ২০২১ সালে ৩০৩, ২০২২ সালে ২২৩, ২০২৩ সালে ৩৭৫, ২০২৪ সালে ৩১৮, ২০২৫ সালে ১৮৭ এবং ২০২৬ সালের ১৬ আগস্ট পর্যন্ত ১২২ বন্দির মৃত্যু হয়েছে।

   

About

Popular Links

x