Sunday, November 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

লংমার্চ শেষে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে জামায়াতের বাস, প্রাণ গেল পথচারীর

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কুমিরা চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১১:০২ পিএম

খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষে সাতক্ষীরায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এতে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসে থাকা অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা বাজার মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম আব্দুল খালেক (৫০)। তিনি পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং এলাকায় “খালেক পাগল” নামে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, লংমার্চ শেষে সাতক্ষীরাগামী বাসটি পাটকেলঘাটা বাজার মোড় অতিক্রম করার সময় হঠাৎ এক ব্যক্তি সড়কের সামনে চলে আসেন। তাকে রক্ষা করতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় পথচারী আব্দুল খালেকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসে থাকা যাত্রীরা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের বেশিরভাগই সাতক্ষীরার ঘোনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনাস্থলে ছুটে যান সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মকুলসহ স্থানীয় নেতারা। তারা উদ্ধারকাজ তদারকির পাশাপাশি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক জানান, বাসটিতে ১১ দলীয় জোটের লংমার্চে অংশ নেওয়া আনুমানিক ৫১ থেকে ৬২ জন যাত্রী ছিলেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে বাসটি পুকুর থেকে উদ্ধারের পর এর নিচে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, দুর্ঘটনায় আব্দুল খালেক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

   

About

Popular Links

x