Sunday, November 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ওমর আবদুল্লাহ ও সাংবাদিক নিধি রাজদানের বিয়ে সম্পন্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিয়ের খবর প্রকাশ করেন এই দম্পতি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১১:২৫ পিএম

ভারতের জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ এবং বিশিষ্ট সাংবাদিক নিধি রাজদান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। 

শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিয়ের খবর প্রকাশ করেন এই দম্পতি।

ইনস্টাগ্রাম ও এক্সে (সাবেক টুইটার) নিধি রাজদানের সঙ্গে ছবি পোস্ট করে ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ লেখেন, “গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।” স্বামীর সেই পোস্টের জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি রাজদান মন্তব্য করেন, ‘ইটস ডান ব্রো।’ তাদের এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

জানা গেছে, কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন ছাড়াই অত্যন্ত ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শ্রীনগরে দুই পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই ছোট পরিসরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওমর আবদুল্লাহর বাবা ও ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ, মা মলি আবদুল্লাহ, তাঁর তিন বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া নিধির বাবা প্রবীণ সাংবাদিক এম কে রাজদান এবং মা সরলা রাজদানও অনুষ্ঠানে অংশ নেন।

ভারতের পরিচিত সাংবাদিকদের একজন নিধি রাজদান। অন্যদিকে ওমর আবদুল্লাহ জম্মু-কাশ্মীরের রাজনীতিতে অন্যতম শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দুই ভিন্ন পেশার পরিচিত এই দুই মানুষের বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সর্বস্তরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে পায়েল আবদুল্লাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন ওমর আবদুল্লাহ, যাদের ঘরে দুই সন্তান রয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও পারস্পরিক সমঝোতার পর চলতি বছরের জুলাই মাসে ভারতের সুপ্রিম কোর্ট তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত করেন। অতীতের সেই অধ্যায় পেরিয়ে এবার সাংবাদিক নিধি রাজদানের হাত ধরে জীবনের নতুন পথচলা শুরু করলেন ওমর আবদুল্লাহ।

   

About

Popular Links

x