সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,৩৯১ শিশু।
শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১,১৪৬ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১,২৫১ শিশু মারা গেছে।
এছাড়া ২৪ ঘণ্টায় ৭৫ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১,৩১৬। এই সময়ে ১,১৭১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১,০৯৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৬৭৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩,৭৭০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২ হাজার ৬৩৯ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।



