মাগুরা সদর উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক সময়ে এ দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন আমুড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার বাপ্পি হোসাইন (১৯) এবং নতুনগ্রামের অনন্যা শিকদার (২০)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পি হোসাইন এ বছর শালিখা উপজেলার বুনাগাঁতি ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফলাফলে অকৃতকার্য হওয়ার পর দুপুর ১২টার পর নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।
অন্যদিকে অনন্যা শিকদার কুলিয়া কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনিও এবার এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষিত হন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, “এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। পৃথক দুটি অপমৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”



