Saturday, October 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করলো পিবিআই

নিখোঁজ হওয়ার আগে তাহসিফ প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা দীপের সঙ্গে ছিলেন 

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১০:১২ এএম

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার আগে তাহসিফ প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা দ্বীপের সঙ্গে ছিলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই। শুক্রবার (৩০ অক্টোবর) তাকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন তথ্য যাচাই করে তদন্ত দল। পরে মধ্যরাতে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পিবিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে তুরাগ নদসংলগ্ন ২৯ নম্বর সীমানা পিলার এলাকার মাঠে সেদিন কী ঘটেছিল, তা জানতে দ্বীপকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। সেটি তাহসিফের কি না, তা নিশ্চিত হতে কাগজপত্রসহ অন্যান্য তথ্য যাচাই চলছে।

জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। সেখানে কথা বলার সময় কয়েকজন তাদের ধাওয়া করেন। দীপের ভাষ্য, ধাওয়াকারীদের দুজনের পরনে পুলিশের ইউনিফর্ম ছিল। তাদের দেখে তাহসিফ দৌড় দেন এবং একপর্যায়ে নদীতে ঝাঁপ দেন। আর দীপ বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের আড়ালে লুকিয়ে পরে সেখান থেকে চলে যান।  

তবে ধাওয়াকারীরা আসলেই পুলিশ সদস্য ছিলেন কি না, তা নিশ্চিত হতে পারেনি পিবিআই। সংস্থাটির ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান শুক্রবার সাংবাদিকদের বলেন, “দীপের দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। সেখানে আদৌ পুলিশের কেউ ছিলেন কি না, ইউনিফর্ম পরা কেউ ছিলেন কি না কিংবা তাদের সেখানে কোনো দায়িত্ব ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

পিবিআই কর্মকর্তারা জানান, দীপের বক্তব্যে একাধিক অসংগতি পাওয়া গেছে। দুজন ওই মাঠে কেন গিয়েছিলেন, তাও জানা যায়নি। দীপ একেক সময় একেক ধরনের তথ্য দিয়েছেন। একপর্যায়ে তিনি ওখানে যাননি বলেও দাবি করেন। পরে মোটরসাইকেলের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে বলেন, তাহসিফই তাকে সেখানে নিয়ে গিয়েছিলেন। ওই এলাকা তার আগে থেকে পরিচিত ছিল না বলেও জানান তিনি।  

এদিকে ছেলের মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে রাজি নন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। ধাওয়ার মুখে তাহসিফ নদীতে ঝাঁপ দিয়েছিলেন, দীপের এমন বক্তব্যও তিনি প্রত্যাখ্যান করেছেন। তার ভাষ্য, ছেলে সাঁতার জানতেন এবং পাইলট হিসেবে প্রশিক্ষণের অংশ হিসেবে সাঁতারের কোর্সও করেছিলেন। ছেলেকে হত্যা করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

   

About

Popular Links

x