Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪

পাড়াগাঁও এলাকায় সিম গ্রুপের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ এএম

রূপগঞ্জে একটি পোশাক কারখানার ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, ঘটনায় দগ্ধ হয়েছেন একজন শ্রমিক।

সোমবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও এলাকায় সিম গ্রুপের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। কারখানার বয়লার সেকশনের পাশে থাকা ডায়ার কম্প্রেসার মেশিনে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

দগ্ধদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম নাইমুল হাসান। তিনি কারখানার যান্ত্রিক বিভাগের ফায়ার সুপারভাইজার। বিস্ফোরণে গুরুতর দগ্ধ হওয়ায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনের পরিচয় ও শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম চারজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে আহতের সংখ্যা নিয়ে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের বক্তব্যে অমিল দেখা গেছে। সিম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম বলেন, “ঘটনায় একজন শ্রমিক দগ্ধ হয়েছেন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।”

বিস্ফোরণের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

   

About

Popular Links

x