Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দুই মাসে বাড়তি ৪৭৫ টাকা

সেপ্টেম্বরে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পিএম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এত দিন এর দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। সেপ্টেম্বরে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। সে হিসাবে গত দুই মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম বেড়েছে ৪৭৫ টাকা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম একই দিন রাত ৮টা থেকে কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৯৪৪ টাকা, সাড়ে ১২ কেজির ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজির ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজির ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজির ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজির ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজির ৩ হাজার ৭৭৭ টাকা, ২৫ কেজির ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজির ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজির ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজির ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজির ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির তথ্য অনুযায়ী, বছরের শুরুতে জানুয়ারিতে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারিতে ৫০ টাকা বেড়ে হয় ১ হাজার ৩৫৬ টাকা। মার্চে কিছুটা কমে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়। এপ্রিল থেকে বড় ধরনের মূল্যবৃদ্ধি শুরু হয়। ওই মাসে এক লাফে ৩৮৭ টাকা বেড়ে দাম দাঁড়ায় ১ হাজার ৭২৮ টাকা। মে মাসে দাম আরও ২১২ টাকা বেড়ে হয় ১ হাজার ৯৪০ টাকা।

এরপর টানা কয়েক মাস দাম কমে। জুনে ৫৫ টাকা কমে হয় ১ হাজার ৮৮৫ টাকা। জুলাইয়ে বড় পতনে ৩৫৭ টাকা কমে দাম নামে ১ হাজার ৫২৮ টাকায়। আগস্টে আবার ৭০ টাকা বেড়ে হয় ১ হাজার ৫৯৮ টাকা। সেপ্টেম্বরে ১৩ টাকা কমে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৫৮৫ টাকা।

   

About

Popular Links

x