Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

হকারদের জন্য হলিডে মার্কেট চালুর পরিকল্পনা ডিএনসিসি’র

হকার্স ইউনিয়নের ১০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে ডিএনসিসি প্রশাসক এ কথা বলেন 

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

রাজধানীর মিরপুর-১০ ও মিরপুর-১ এলাকার ফুটপাতে আর হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। 

তবে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে বিকল্প স্থান খোঁজা হচ্ছে এবং দ্রুত তাদের বসার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। এছাড়াও হকারদের জন্য হলিডে মার্কেট চালুরও পরিকল্পনার কথা জানান ডিএনসিসির প্রশাসক। 

সোমবার (২ নভেম্বর) ডিএনসিসি’র সম্মেলন কক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় হকারদের পুনর্বাসনের দাবিতে প্রতিনিধিদল প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে। 

প্রশাসক বলেন, ‘‘হকাররা সমাজেরই অংশ। তাদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মিরপুর-১০, মিরপুর-১ ও উত্তরা এলাকায় বিকল্প স্থান খোঁজা হচ্ছে। হকারদের জন্য হলিডে মার্কেট চালুরও পরিকল্পনা রয়েছে। উচ্ছেদ হওয়া হকারদের সেখানে পুনর্বাসনের চেষ্টা চলছে।’’ 

তিনি বলেন, ‘‘বিকল্প স্থানে ৩০০ থেকে ৫০০ দোকান বসানোর ব্যবস্থা করা গেলে সেখানে ক্রেতারাও আসবেন এবং বেচাকেনা ভালো হবে। তবে বিকল্প স্থানে দোকানগুলো নিজস্ব কাঠামোর ওপর পরিচালিত হবে; কোনো চৌকি বসানো যাবে না।’’ 

তিনি আরও বলেন, ‘‘মিরপুর-১০ ও মিরপুর-১ এলাকার ফুটপাতে আর হকার বসতে দেওয়া হবে না। তবে আগে যারা সেখানে হকারি করতেন, তাদের বিকল্প স্থানে বসানোর ব্যবস্থা করা হবে।’’ 

এ সময় উভয়পক্ষ পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং একে অপরকে সহযোগিতার আশ্বাস দেন। 

সাক্ষাৎকালে হকার নেতা, শ্রমিক নেতা, গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার মো. রুহুল কবির, গুলশান ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

   

About

Popular Links

x