ফরিদপুর সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে বিলের পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
সোমবার (২ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন বিলের পাশের একটি ধান ক্ষেতে তাকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
এর আগে, রবিবার (১ নভেম্বর) রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশে এ ঘটনা ঘটে।
আহত দেলোয়ার হোসেন ওই ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে বাইটকুমারী বিলের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে মৃত ভেবে বিলের পাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম বাদশা মিয়া জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে তার আগেই পরিবারের সদস্যরা দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করলেও কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মামুনুর রশিদ বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”



