নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শেষে মিলেছে গ্যাসের সন্ধান। কূপটির দুইটি জোনে ৯,৭৬৯ কোটি ঘনফুট (৯৭.৬৯ বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
ভোক্তা পর্যায়ের হিসাবে এ গ্যাসের আনুমানিক মূল্য ৫,৮০৯ কোটি টাকা। কূপটি থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
সোমবার (২ নভেম্বর) অগ্নি প্রজ্বলনের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে বাপেক্স।
সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্সের ত্রিমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদনের উপর ভিত্তি করে কূপটির খনন কার্যক্রম শুরু হয়।
বাপেক্স জানায়, বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে চলতি বছরের ৮ জুলাই সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খনন কাজ শুরু হয়। ৩,২৮৯ মিটার গভীর পর্যন্ত খননকাজ সম্পন্ন করা হয়। কূপটির দুইটি জোনে মিলেছে গ্যাসের সন্ধান। আগামী ২০ বছর পর্যন্ত কূপটি থেকে গ্যাস উত্তোলন করা হবে।
সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক গ্যাস প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “তেল বা কোনো পদার্থ রয়েছে কিনা তা আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি টেস্ট শেষে জানা যাবে।”



নোয়াখালীতে নতুন গ্যাসকূপে খনন শেষে মিলেছে গ্যাস