শিল্পাঞ্চল অধ্যুষিত সাভার ও আশুলিয়া পোশাক কারখানায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর অন্তত ২৬৪ টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (২ নভেম্বর) বিকেলে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, সকাল থেকে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন স্থানে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও শ্রমিকরা জানান, তৃতীয় দিনের মতো শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া পোশাক কারখানায় ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবি, কালো তালিকাভুক্তকরণ ও শ্রমিক ছাটাই বন্ধের দাবিতে আন্দোলনে নামেন। সকালে ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিসহ তিন দফার দাবিতে নবীনগর- চন্দ্রা সড়কের বাড়ইপাড়া এলাকায় পোশাক শ্রমিকরা সড়কে অবস্থান নেন৷ পরে আশুলিয়া থানা পুলিশ পোশাক শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়।
অপরদিকে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে কর্মবিরতি পালন করে। পরে তারা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে এসে জড়ো হয়। এসময় নিট এশিয়া, আল-মুসলিম, টাউজার লাইন, অনন্ত গার্মেন্টসসহ বেশ কয়েকটি পোশাক কারখানা গত দিনের মতো আজও সাধারণ ছুটি ঘোষণা করে। পরে পোশাক শ্রমিকরা সড়কে এসে অবস্থান নিলে পুলিশ বাধা দেয়। এ সময় পোশাক শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তখন পুলিশ আন্দোলনরত পোশাক শ্রমিকদের নিবৃত্ত করতে টিয়ারসেল নিক্ষেপ করে। উত্তেজিত পোশাক শ্রমিকরা নরসিংহপুর এলাকায় একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছে। শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে থমথমে অবস্থা সৃষ্টি হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পিকার্ড বাংলাদেশ লি., আর্টিস্টিক ডিজাইন, জনরন সোয়েটার লি., ফেরারী গার্মেন্টস লি., ডেনিটেক্স লিমিটেড, আনলিমা টেক্সটাইল লিমিটেড, আল ইসলাম টেক্সটাইল লিমিটেড, জি.কিউ. ইন্ডাস্ট্রিজ পোশাক কারখানার সামনে থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিল্পাঞ্চল আশুলিয়ায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ২ জন পোশাক শ্রমিককে আটক করে পুলিশ।
শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, ৩ দফা দাবিতে শিল্পাঞ্চল সাভারে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিক অসন্তোষের শিল্পাঞ্চল সাভার আশুলিয়া ২৬৪টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
বর্তমানে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।



