Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

পুলিশের ৩ গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ, দেড় শতাধিক কারখানায় বন্ধ

দুপুরে গাজীপুর নগরের নাওজোড় এলাকায় এই সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয়

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজও গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর এবং একটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার ফলে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সোমবার (২ নভেম্বর) দুপুরে গাজীপুর নগরের নাওজোড় এলাকায় এই সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, সকাল থেকেই কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা এসে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকরা পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর চালায় এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে বেশ কিছু বাস ও ট্রাকে ভাঙচুর চালানো হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলের দেড় শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বেলা ১১টার দিকে মহাসড়কে শ্রমিকদের জোরালো অবস্থানের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বিজিবি সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মুখে দুপুর ১২টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে গেলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং দুপুর দেড়টার নাগাদ মহাসড়কগুলোতে যান চলাচল পুনরায় চালু হয়।

উল্লেখ্য, শ্রমিকদের এই আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

   

About

Popular Links

x