Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা ছুটি ঘোষণা

আশপাশের এলাকার ২৬৪টি কারখানায় সাধারণ ছুটি ও বন্ধ ঘোষণা

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মুখে আজ সোমবার ঢাকার সাভারের আশুলিয়াসহ আশপাশের এলাকার ২৬৪টি কারখানায় সাধারণ ছুটি ও বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

সোমবার (২ নভেম্বর) সকাল থেকেই আশুলিয়ার পিকার্ড বাংলাদেশ, জনরন সোয়েটার, ফেরারী গার্মেন্টস, ডেনিটেক্স, আনলিমা টেক্সটাইল, আল ইসলাম টেক্সটাইল ও জি.কিউ. ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ একাধিক কারখানার সামনে কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। বিক্ষোভকারীরা কারখানা লক্ষ্য করে ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিক্ষেপ করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয় এবং আর্টিস্টিক ডিজাইন লিমিটেড ফ্যাক্টরির সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে অন্তত ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের আন্দোলনে বহিরাগত ও দুষ্কৃতকারীরা যোগ দিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

একই দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে টানা চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা। সকাল থেকে চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, হরিণহাটি ও সফিপুর এলাকায় সড়কের ওপর অবস্থান নেওয়ায় মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সহিংসতা রুখতে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গাজীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মো মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। এ ছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করায় সেখানেও যান চলাচল ব্যাহত হয়।

উল্লেখ্য, শ্রমিকদের অব্যাহত আন্দোলনের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গত রবিবার ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করেছে। বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে বিচারক শেখ আশফাকুর রহমানকে। মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধি সমন্বয়ে গঠিত এই বোর্ড আগামী তিন বছরের জন্য গার্মেন্টস শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির সুপারিশ করবে। সরকার মজুরি বোর্ড গঠন করায় শ্রমিকদের সহিংস পথ পরিহার করে শান্তিশৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

   

About

Popular Links

x