Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

আখতারুজ্জামানের হাইকোর্টে দেওয়া জামিন বহাল

আপিল বিভাগের চেম্বার বিচারপতি আদালত এ বিষয়ে ‘নো অর্ডার’ আদেশ দেন

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

সোমবার (২ নভেম্বর)  আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ বিষয়ে ‘নো অর্ডার’ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের দায়ের করা আবেদনের শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত দিলে তাঁর হাইকোর্টের দেওয়া জামিন আদেশই চূড়ান্তভাবে বহাল থাকে।

এর আগে গতকাল রোববার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছিলেন। তার আগে গত ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার বিবরণী অনুযায়ী, গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ পেতে বিলম্ব, ট্রলি সংকট ও জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনার পর বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তা করার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে গত ২ অক্টোবর বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এলাকার নিজ বাসভবন থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একদিনের রিমান্ড শেষে গত ৪ অক্টোবর ঢাকার বিচারিক আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

   

About

Popular Links

x