Wednesday, October 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা ও হুমকি বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পিএম

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়ে বিকৃত করাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জনস্বার্থে এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি।

আবেদনে তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা সৃষ্টির মাধ্যমে সুস্থ সাংস্কৃতিক বিকাশকে বাধাগ্রস্ত করা হচ্ছে। সংবিধানের ২৩ অনুচ্ছেদে দেশের সংস্কৃতি, শিল্প, সাহিত্য ও ঐতিহ্য রক্ষাকে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, ধর্মের নাম ব্যবহার করে একশ্রেণির মানুষ অপব্যাখ্যার মাধ্যমে দেশের সংস্কৃতি ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে। রিটে রবীন্দ্রনাথের কাজ, কনসার্ট, নাটক, সিনেমা ও গানসহ সব সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্প-সাহিত্যের সুরক্ষায় নিরাপত্তার দাবি জানানো হয়।

রিটে কনসার্ট, সংগীতানুষ্ঠান, লোকসংগীত, বাউল গান, নাটক, সিনেমা প্রদর্শনী, নৌকাবাইচ, পহেলা বৈশাখ উদযাপনসহ অন্যান্য শান্তিপূর্ণ সাংস্কৃতিক উৎসব ও ঐতিহ্যবাহী কার্যক্রম সুরক্ষার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি অননুমোদিত ব্যক্তি বা গোষ্ঠীর বেআইনি বাধা, ভয়ভীতি, হুমকি, সহিংসতা, ভাঙচুর ও জবরদস্তি থেকে শিল্পী, সাংস্কৃতিক কর্মী, আয়োজক ও দর্শকদের রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে স্বাধীন সাংস্কৃতিক কর্মকাণ্ডে হুমকি ও অবৈধ বাধার প্রবণতা দেখা যাচ্ছে। বাধার মুখে অনেক আয়োজন পণ্ড বা বাতিল হচ্ছে। নোটিশে আরও বলা হয়, সংবিধানের ৩১, ৩২, ৩৭ ও ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি নাগরিকের শান্তিপূর্ণ সমাবেশ, শিল্প-সংস্কৃতির চর্চা ও মতপ্রকাশের মৌলিক অধিকার রয়েছে।

   

About

Popular Links

x