Wednesday, October 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান কোস্ট গার্ডের

অনিয়মের তথ্য জানাতে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার জন্য আহ্বান জানানো হয়েছে  

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পিএম

মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরে নিয়মিত টহলের পাশাপাশি জনসচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন সময়ে গুরুত্বসহকারে দায়িত্ব পালন করে আসছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ’ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিতকল্পে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড তার দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান ও কঠোর নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। 

কোস্ট গার্ড জানায়, ‘মা ইলিশ সংরক্ষণ-২০২৬’ সফলভাবে বাস্তবায়ন ও সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ড কর্তৃক নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

এছাড়াও, জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। একই সাথে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মা ইলিশ সংরক্ষণে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানিয়েছে, আমরা বিশ্বাস করি ‘আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য’। আসুন, সবাই মিলে নিষেধাজ্ঞা মেনে চলি এবং মা ইলিশ রক্ষার মাধ্যমে সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সহায়তা করি। 

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। 

   

About

Popular Links

x