নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৭ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মাছ ধরার ট্রলারসহ ৪০ লাখ মিটার জাল জব্দ করা হয়।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে মেঘনা নদীর নিঝুম দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন খন্দকার মুনির তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোররাত থেকে দুপুর ১টা পর্যন্ত মা ইলিশ রক্ষায় মেঘনা নদীর নিঝুম দ্বীপ এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানে মৎস্য আইন অমান্য করে মৎস্য আহরণ করার সময় ১৭ জেলেকে আটক করা হয়। এ সময় ৪০ লাখ মিটার জাল ও ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



