Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

আন্দোলনে কারখানা ছুটি, কালিয়াকৈরে তুরাগ নদে মাছ ধরতে গিয়ে পোশাকশ্রমিকের মৃত্যু

চাপাইর ইউনিয়নের বড়ইবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে ডুবে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের বড়ইবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত আবু হাসান জয়পুরহাটের পাঁচবিবি থানার তাজপুর এলাকার বাসিন্দা। তিনি কালিয়াকৈরের বোর্ডমিল এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় লিজ ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা, নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এরই ধারাবাহিকতায় সোমবার সকালেও তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

একপর্যায়ে বিজিবি, পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে বিজিবির এক সদস্য ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। আন্দোলনের কারণে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এ সুযোগে দুপুরে আবু হাসান কয়েকজন সহকর্মীর সঙ্গে কালিয়াদহ এলাকায় তুরাগ নদে মাছ ধরতে যান। পরে তিনি চার সহকর্মীকে নিয়ে নদী সাঁতরে বড়ইবাড়ী এলাকায় যাওয়ার চেষ্টা করেন। চার সহকর্মী সাঁতরে তীরে উঠতে পারলেও আবু হাসান পানিতে ডুবে নিখোঁজ হন।

সহকর্মীরা জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তারা উদ্ধার করতে ব্যর্থ হলে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরি দল অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে আবু হাসানের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি ইউনিটের টিম লিডার ইদ্রিস আলী বলেন, “খবর পেয়ে অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।“

   

About

Popular Links

x