Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

দাম বাড়লো এলপিজি গ্যাসের

ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন 

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) নতুন এই দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, আজ রাত ৮টার পর থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়া ছাড়াও আমদানিকারক, ডিলার এবং খুচরা বিক্রেতাদের কমিশন সমন্বয় করার কারণে নতুন করে দাম বাড়াতে হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিইআরসি।

বিইআরসি নির্ধারিত নতুন দর অনুযায়ী, সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সকল পরিমাণের এলপিজি সিলিন্ডারের দাম আনুপাতিক হারে বাড়ানো হয়েছে। পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তবে বিইআরসির নির্ধারিত দর নিয়ে বাজারে শুরু থেকেই চরম বিশৃঙ্খলা দেখা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় গত মাসেই ১ হাজার ৮৩৭ টাকার সিলিন্ডার বিক্রি হয়েছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়। কোথাও কোথাও এ দাম ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত গিয়ে ঠেকেছিল।

গত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আমদানিকারকেরা বাজারে সরবরাহ কমিয়ে দিলে দেশজুড়ে এলপিজির চরম সংকট ও দর অস্থিরতা তৈরি হয়। কমিশনের সাম্প্রতিক সমন্বয়ে বিক্রেতাদের কমিশন বাড়ানো সত্ত্বেও ভোক্তাদের বাড়তি দামে গ্যাস কেনার ভোগান্তি কতটা কমবে, তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে।

   

About

Popular Links

x