Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানের ঐতিহাসিক সাফল্য

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠে এসেছে এই দল

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছরের ইতিহাসে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নিজেদের সর্বোচ্চ অবস্থান অর্জন করেছে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠে এসেছে রশিদ খানের দল।

সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এই নতুন অবস্থান নিশ্চিত করা হয়। প্রকাশিত তালিকায় আফগানিস্তান ও শ্রীলঙ্কা,দুই দলেরই রেটিং পয়েন্ট সমান ৯৪ হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ছয় নম্বর স্থানটি দখল করে আফগানরা। অন্যদিকে পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালসহ টানা দুই ম্যাচে হেরে এক ধাপ পিছিয়ে সাতে নেমে গেছে লঙ্কানরা।

বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো অভিজ্ঞ দলগুলোকে আগেই পেছনে ফেলা আফগানিস্তান ২০০৯ সালে ওয়ানডে অভিষেকের পর থেকে ধারাবাহিকভাবে সাফল্য পেয়ে আসছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের শক্তির জানান দেওয়া দলটি এখন পর্যন্ত খেলা ১৯১টি ওয়ানডে ম্যাচের ৯৬টিতেই জয়লাভ করেছে।

সাম্প্রতিক সময়ে ব্যাট-বলের দুর্দান্ত ফর্মে থাকা আফগানিস্তান টানা সাতটি ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে। গত আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ জয়ের পর, গত মাসে জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয় তারা।

আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সাতে থাকা শ্রীলঙ্কার পর যথাক্রমে আট, নয় ও দশম স্থানে রয়েছে ইংল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বরাবরের মতোই র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি ধরে রেখেছে ভারত। এর পর শীর্ষ পাঁচে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

   

About

Popular Links

x