Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

১১৭ বলেই ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে ইতিহাস গড়লেন শুবমান গিল

ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান সতীর্থরা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম

চারশর বেশি রান তাড়ায় রেকর্ডের জোয়ার বইয়ে ডাবল সেঞ্চুরি করলেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল।

ভাইটেল লজের বলটি লং-অনে খেলে ছুট দিলেন গিল। রান পূর্ণ করার আগেই লাফিয়ে উঠে ছুঁড়লেন হুঙ্কার। পুরো স্টেডিয়াম তখন করতালিতে মুখর। ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানালেন সতীর্থরা। গুয়াহাটিতে আজ বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১১৭ বলে দ্বিশতকের মাইলফলক ছোঁন তিনি। ওয়ানডে ইতিহাসে এটিই দ্রুততম ডাবল সেঞ্চুরি।

এই তালিকায় গিল ছাড়িয়ে গেছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান ইশান কিষানকে, যিনি ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে ১২৬ বলে দ্বিশতক করেছিলেন। গত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে চোট নিয়ে ১২৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তার অপরাজিত ২০১ রানের ইনিংসটি ছিল রান তাড়ায়। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে রান তাড়ায় ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন গিল।

ওয়ানডেতে এটি গিলের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২০৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এর ফলে ওয়ানডে ইতিহাসে একাধিক দ্বিশতক করা দ্বিতীয় ক্রিকেটার হলেন গিল। তিনটি ডাবল সেঞ্চুরির রেকর্ড ভারতের তারকা ওপেনার রোহিত শর্মার, যিনি এদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছেন। টেস্টেও ডাবল সেঞ্চুরি আছে গিলের। অধিনায়ক হিসেবে টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার তিনি।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৪০৫ রানের লক্ষ্য তাড়ায় দলকে উড়ন্ত সূচনা এনে দেন গিল। ৩৮ বলে ফিফটি করেন তিনি, এরপর আরও দ্রুত রান তুলে ৬২ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। আগের ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ এই ব্যাটসম্যান।

সেঞ্চুরি করে রোহিত বিদায় নিলেও আপন ছন্দে এগিয়ে যান গিল। ৮৯ বলে দেড়শ রানে পৌঁছে ওয়ানডেতে একশর কম বলে ১৫০ স্পর্শ করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান হন তিনি। ৩৯তম ওভারে পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২৬টি চার ও ৮টি ছক্কায় ১৩৩ বলে ২২৩ রানের অসাধারণ ইনিংস খেলে দলের জয় নিয়ে ফেরেন তিনি।

   

About

Popular Links

x