Monday, November 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

দ্বিতীয় মেয়াদে আইসিসি চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন জয় শাহ

পরিচালকদের সর্বসম্মত প্রস্তাবের ভিত্তিতে তাকে পুনরায় এই পদে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

দ্বিতীয় মেয়াদের জন্য আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড ও কমিটির সভায় পরিচালকদের সর্বসম্মত প্রস্তাবের ভিত্তিতে তাকে পুনরায় এই পদে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

পুনর্নির্বাচিত হওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় জয় শাহ বলেন, “আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে অত্যন্ত সম্মানের এবং গুরুদায়িত্বের বিষয়। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সব সদস্য দেশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

ক্রিকেটের আগামী দিনের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা ক্রিকেটের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর একটি সময়ে প্রবেশ করছি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আবারও ক্রিকেট ফিরছে। এটি নতুন প্রজন্মের খেলোয়াড় এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমর্থকদের অনুপ্রাণিত করার এক অসাধারণ সুযোগ তৈরি করবে।”

বৈশ্বিক এই আসরকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসার ঘটানোই এখন জয় শাহর অন্যতম প্রধান লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, কেবল সফল টুর্নামেন্ট আয়োজনের মধ্যেই আইসিসির দায়িত্ব সীমাবদ্ধ নয়; বরং সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের যথাযথ গুরুত্ব দিয়ে ক্রিকেটের জন্য একটি আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

২০২৪ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জয় শাহ। তাঁর চলমান প্রথম মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ডিসেম্বরে। এরপর নতুন করে শুরু হওয়া দ্বিতীয় মেয়াদ চলবে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, আইসিসির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী, একজন চেয়ারম্যান তিন বছর করে সর্বোচ্চ দুই মেয়াদে এই শীর্ষ পদে দায়িত্ব পালন করতে পারেন।

   

About

Popular Links

x