Tuesday, August 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

তামিমকে পেছনে ফেলে জুলাই মাসের সেরা গ্রিভস

সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছিলেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৭:২৬ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই ব্যাট হাতে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। তবে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে তানজিদ তামিম ও ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার হ্যারি ব্রুককে পেছনে ফেলে মাসসেরা (প্লেয়ার অব দ্য মান্থ) নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৫৯ রান (গড় ৫৩) করার পর টি-টোয়েন্টি সিরিজেও ৭০ গড়ে আরও ১৪০ রান যোগ করেন তানজিদ তামিম। দুই সিরিজ মিলিয়ে সংগৃহীত ২৯৯ রান নিয়ে উভয় সিরিজেই বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন এই ওপেনার। অন্যদিকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাণ্ডব চালিয়ে সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছিলেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক।

তবে জুলাইয়ে ব্যাট ও বল হাতে গ্রিভসের অবিশ্বাস্য অলরাউন্ড নৈপুণ্যের কাছে শেষ পর্যন্ত পিছিয়ে পড়েন দুজনই। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার জুলাইয়ে খেলা দুটি টেস্টে ৭১.৬৬ গড়ে ২১৫ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে মাত্র ১০.২৫ গড়ে ৮টি উইকেট শিকার করেন। এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই মাস শেষে সেরার স্বীকৃতি নিজের ঝুলিতে পুরে নেন জাস্টিন গ্রিভস।

   

About

Popular Links

x