আইপিএলকে না বললেন মোস্তাফিজুর রহমান

মিনি নিলামের প্রাথমিক তালিকা থেকে এই তথ্য জানা গেছে

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

গত আসরে রেকর্ড দামে দল পেয়েও রাজনৈতিক কারণে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে মাঠে নামা হয়নি মোস্তাফিজুর রহমানের। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামেই নাম লেখালেন না এই বাঁহাতি পেসার। তার দেখানো পথে হেঁটে নিবন্ধন করেননি আরেক তরুণ গতি তারকা নাহিদ রানাও।

বুধবার (২৫ নভেম্বর) ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রকাশিত আইপিএলের মিনি নিলামের প্রাথমিক তালিকা থেকে এই তথ্য জানা গেছে। মোস্তাফিজ ও নাহিদ রানা না থাকলেও নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার।

নিবন্ধন করা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন- তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান, রিপন মণ্ডল, মো. রুবেল, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, পারভেজ হোসেন ও সাইফ হাসান।

চলতি বছরের শুরুতে আইপিএলের নিলামে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে শেষ পর্যন্ত এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। ওই ঘটনার রেশ ধরে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তুলেছিল বাংলাদেশ এবং শেষ পর্যন্ত টুর্নামেন্টটিতে অংশ নেয়নি টাইগাররা। অন্যদিকে, সবশেষ ভারত সফরে গতি দিয়ে নজর কাড়া নাহিদ রানাও এবারের নিলাম থেকে নিজেকে সরিয়ে রাখলেন।

এবারের আইপিএল মিনি নিলামের প্রাথমিক তালিকায় মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি ক্রিকেটার। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে, যেখানে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ রয়েছে ২৫টি জায়গা।