গাজীপুরের শিল্পাঞ্চলে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের উদ্ভুত পরিস্থিতিতে ১৬টি কারখানা দুই দিনের জন্য (বুধ ও বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। নিরাপত্তার স্বার্থে সকাল থেকে আজকের জন্য প্রায় অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুরের শিল্পাঞ্চল ঘুরে এসব চিত্র দেখা গেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
এদিকে, শুক্রবারসহ কারখানাগুলো দুই দিন ছুটি দেওয়ায় শ্রমিকরা তিনদিন ছুটি পাওয়ায় ইতোমধ্যে তারা গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছে।
দুই (বুধ ও বৃহস্পতিবার) দিনের ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো, শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার ভিনটেক্স ডেনিম লিমিটেড, টি-ডিজাইন নীট ওয়্যার লিমিটেড, ডি-জাইটেক্স নিট ওয়্যার লিমিটেড, মেঘনা নিট কম্পোজিট, মেঘনা গ্রুপের সাবলাইম গার্মেন্টস, এক্সিকিউটিভ গ্রিন টেক্স, এক্সিকিউটিভ হাই ফ্যাশন, স্ট্যান্ডার্ড গার্মেন্টস, সাসটেইনেবল ওয়েট প্রসেসিং, এম এন আর সোয়েটার, এম এন আর ফ্যাশন, ওয়েলডান সোয়েটার, টি এস ক্যাজুয়াল, ইউরো ফ্যাশন, প্যানডোরা সোয়েটার, ইউনিসেন্স গার্মেন্টস। একদিনের জন্য তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের কালার এন্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডেনিম্যাক ডেনিম, কে এস এস নীট ওয়্যার লিমিটেড, তাকওয়া ফ্যাশন লিমিটেড, লান্তাবুর গার্মেন্টস একদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। এসরোটেক্স গার্মেন্টস, প্যাস্টেল এ্যাপারেলস্, ইপিক গার্মেন্টস, নাসা হাইটেক এবং স্টাইল ফ্যাশন লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
সোমবার এবং মঙ্গলবার পুরে দক্ষিণ ভাংনাহাটি এলাকার রাতুল অ্যাপারেলস লিমিটেড, কেওয়া নতুন বাজার এলাকার এমএইচসি অ্যাপারেলস লিমিটেড, গড়গড়ীয়া মাস্টারবাড়ী এলাকার ডেনিমেক, দক্ষিণ ভাংনাহাটি এলাকার এলাকার হ্যামস্ গার্মেন্টস্, লাক্সমা ইনওয়্যার লিমিটেড, ভিক্টোরিয়া গার্মেন্টস্, নোমান গ্রুপের নোমান হোম টেক্সটাইল লিমিটেড, বাঘেরমন্ডল ইন্টিমেন্টস পোশাক কারখানায় হামলা করে ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
পুলিশের দাবি শ্রমিকবেশে বহিরাগত দুর্বৃত্তরা কারখানা মালিক, কর্মকর্তা ও শ্রমিকদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য এ ধরনের কাণ্ড ঘটিয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, “শ্রীপুরের ১০/১৫টি কারখানা দুই দিনের জন্য ছুটি দিয়েছে এবং আজকের জন্য প্রায় অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করেছে বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ।”



