টুঙ্গিপাড়ায় একসঙ্গে বিএনপির ৬ নেতার পদত্যাগ

 ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন না বলেও জানান তারা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষের কথা জানিয়ে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির ৬ নেতা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ ও সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, “দীর্ঘদিন ধরে তারা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট নন। এ অবস্থায় তারা প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির পদপদবী থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।” 

এছাড়া ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন না বলেও জানান তারা। 

এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। পরে জানতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি সারা দেননি।

উল্লেখ্য, এর আগে গত ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ জন নেতাকর্মী সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।