ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৫২ জন

গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ১,১৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৬ জনে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।