বগুড়ার বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১

দুপচাঁচিয়ার মাঠেরপুকুরে বগুড়াগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে সাখাওয়াত হোসেন (৫০) নামে রিকশা চালক নিহত হয়েছেন। এ সময় খলিল সরদার নামে এক যাত্রী আহত হন।

বুধবার (২৫ নভেম্বর) সকালে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে মাঠের পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাখাওয়াত হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের মৃত মনির শাহের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

 বুধবার সকালে সাখাওয়াত দুপচাঁচিয়ায় দুধ বিক্রি করে অটোরিকশা নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে মাঠেরপুকুর এলাকায় পৌঁছলে বগুড়াগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক সাখাওয়াত হোসেন ও যাত্রী খলিল সরদার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক অটোরিকশা চালক সাখাওয়াত হোসেনকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোনো অভিযোগ না থাকায় ইজিবাইক চালক সাখাওয়াত হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।