পিরোজপুরের বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন-কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত এবং একই উপজেলার বাসিন্দা সাজিদ ও সুনান।
আহত ব্যক্তি হলেন-কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫)। এ ছাড়া বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬) আহত হলে পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান।
স্থানীয়রা জানিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দু’টি মোটরসাইকেলে করে পাঁচজন আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন।
বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেল দু’টির।
এতে পাঁচ আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান জয়। আশঙ্কাজনক অবস্থায় বাকি চারজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হলে মারা যান শান্ত, সাজিদ ও সুনান।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে জেলা হাসপাতালে পাঠানো হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি ও আশঙ্কাজনক হওয়ায় পর্যায়ক্রমে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।



