পুলিশের টহল গাড়িকে যাত্রীবাহী বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের টহল গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বাসটি 

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:৪১ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের টহল গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে টহল গাড়িতে থাকা ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় চিনকি আস্তানা বাবুর তেলের দোকানের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১২-০৩৫৮ নম্বরের সোহাগ এলিট পরিবহনের বাসটি পুলিশের টহল গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে টহল গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এ সময় গাড়িতে থাকা এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন এবং কনস্টেবল শফিক, রানা, আরিফ ও সাফায়েত আহত হন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কনস্টেবল শফিককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, দুর্ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।