কক্সবাজারে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

কক্সবাজারের রামু উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), শিশু সাহিল (৩) ও পাঁচ মাস বয়সী মাশরুফা।

আহতরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল এবং আরও এক শিশু। তারা কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তানিয়ার অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের স্বজন মনোয়ারা বেগম জানান, জোহরের নামাজের পর পরিবারটি রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিংয়ে পৌঁছালে ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।

রেলওয়ে পুলিশের কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।“