লেপের নিচ থেকে কিশোরী উদ্ধার, ধরা পড়ে যা বললেন মসজিদের ইমাম

বিষয়টি দুই স্কুলছাত্রের চোখে পড়লে তারা আশপাশের লোকজনকে জানায়

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে আটক করে পুলিশে দিয়েছেন গ্রামবাসী।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযুক্ত সাদিকুর রহমান (৪২) উপজেলার আটগাঁও ইউনিয়নের একটি মসজিদের ইমাম। গত ১১ মাস ধরে তিনি সেখানে ইমামতি করছেন। তার বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই কিশোরী মসজিদের পাশ দিয়ে গ্রামের দোকানে চা পাতা কিনতে যাচ্ছিল। এ সময় ইমাম সাদিকুর রহমান তাকে জোর করে নিজের কক্ষে টেনে নিয়ে যান বলে অভিযোগ। বিষয়টি গ্রামের দুই স্কুলছাত্রের চোখে পড়লে তারা আশপাশের লোকজনকে জানায়। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে গ্রামবাসী ইমামের কক্ষে ঢুকে বিছানার লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন।

উদ্ধারকারীদের একজন নাজির উদ্দিন বলেন, "সকালে দুই স্কুলছাত্র এসে জানায়, ইমাম মেয়েটিকে টেনে তার রুমে নিয়ে গেছেন। পরে রুমে ঢুকে লেপের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর সবার সামনে ইমাম মেয়েটির হাত ধরার কথা স্বীকার করেন।"

তবে অভিযুক্ত সাদিকুর রহমানের দাবি, মেয়েটি নিজেই তার কক্ষে ঢুকেছিল। তিনি তার হাত ধরেছিলেন এবং লোকজন দেখে ফেলার ভয়ে তাকে লেপ দিয়ে ঢেকে রাখেন।

ক্ষমা চেয়ে তিনি বলেন, "অন্যায় করিলাইছি, ভুল করিলাইছি। আমি গরিব মানুষ। একটা ঘর ছাড়া আমার বাবার কিছুই নেই। আমারে আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেইন।"

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সাদিকুর রহমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“