ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসর ও গণতন্ত্র বিরোধী শক্তি দেশে ও প্রশাসনের ভিতরে সক্রিয় হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বিডি হলে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এই মন্তব্য করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, “গণতন্ত্র বিরোধী ব্যক্তি ছাত্রজনতার তাড়া খেয়ে পালিয়ে যেয়ে ভারত থেকে আগুন সন্ত্রাসের মদদ দিচ্ছে। তাদের তো অবৈধ টাকার অভাব নেই। ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টদের দোসররা অবৈধ টাকা ছড়িয়ে সন্ত্রাসী টোকাইদের দিয়ে এখন বাড়ি-গাড়িতে আগুন লাগাচ্ছে। শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়ি নয়, গণতান্ত্রিক সংগ্রামে অংশ নেওয়া ভিন্ন দলের নেতাদের বাড়িতেও আগুন দিচ্ছে। এই মদদটা আসছে পাশ্ববর্তী দেশ থেকে। শেখ হাসিনার লাশ দরকার। তার দলের নেতাকর্মীর লাশ হলেই তার ভালো হয়। আন্দোলন বেগাবান করার জন্যই তার লাশ দরকার।”
তিনি অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্টের দোসর ও গণতন্ত্র বিরোধী শক্তি সক্রিয় হয়েছে। প্রশাসন ও পুলিশের ভিতরে ঘাপটি মেরে থাকা গণতন্ত্রবিরোধী শক্তিরা সক্রিয় হয়েছে বলেই ক্ষমতায় থাকলেও গত তিন দিনে বিএনপির তিন নেতাকে হত্যা করা হয়েছে।”
তরিকুল ইসলামকে নিয়ে বিএনপি এই মহাসচিব বলেন, “আজীবন সংগ্রামী কিংবদন্তিতুল্য নেতা মরহুম তরিকুল ইসলাম সারাজীবন মা, মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ ছিলেন তিনি। তিনি যশোরের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি কখনও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। তার আদর্শিক চেতনা নিয়ে এই প্রজন্ম রাজনীতি করলে কখনও ফ্যাসিবাদ সৃষ্টি হবে না।”
এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত তরিকুল ইসলামের স্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও ছেলে বিদ্যুৎ, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমীর গোলাম রসুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।



