গ্রামের মানুষের কাছে তিনি ছিলেন শুধু একজন অভিনেতা নন, বিপদে-আপদে পাশে থাকা আপনজন। সামাজিক যেকোনো উদ্যোগে তাকে পাওয়া যেত সবার আগে। ধনী-গরিবের ভেদাভেদ না করে মিশতেন সবার সঙ্গে। পর্দায় আঞ্চলিক ভাষা, গ্রামীণ জীবন ও সংস্কৃতি তুলে ধরলেও বাস্তব জীবনেও ছিলেন মাটির কাছাকাছি। প্রয়াত অভিনেতা সোহেল খানের এমন নানা স্মৃতি এখন ঢাকার ধামরাইয়ের রাজাপুর গ্রামের মানুষের মুখে মুখে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় সিনেমার শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে মারা যান সোহেল খান। তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তিনি ধামরাইয়ের রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে। মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর থেকেই স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিকেলে রাজাপুরে তার বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনেরা নির্বাক। কেউ কান্নায় ভেঙে পড়ছেন, কেউ আবার প্রিয় মানুষটির স্মৃতি মনে করে নীরবে বসে আছেন।
স্বজনদের কাছে সোহেল খানের সবচেয়ে বড় পরিচয় ছিল তার অমায়িক স্বভাব। কারও সঙ্গে দূরত্ব তৈরি করতেন না, ছোট-বড় সবার সঙ্গে সহজেই মিশে যেতেন। তার ভাগনে মোহাম্মদ নাহিদ হোসেন খান বলেন, “সোহেল মামা আঞ্চলিক ভাষায় কথা বলা বা এলাকার রীতিনীতি, আচার-ব্যবহার অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতেন। তার ভেতরে অহংকার বলতে কিছু ছিল না। ধনী-গরিবের কোনো ভেদাভেদ ছিল না তার কাছে।”
শুধু পারিবারিক সম্পর্কেই নয়, গ্রামের সামষ্টিক জীবনেও ছিল তার সরব উপস্থিতি। স্থানীয় সামাজিক ও উন্নয়নমূলক কাজে উদ্যোগী ভূমিকা রাখতেন তিনি। রাজাপুরে একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার পেছনেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানান স্বজন ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ টিপু সুলতান। তিনি বলেন, “সম্পর্কে সোহেল খান আমার মামা হন। গ্রামের সামাজিক সব কাজের সঙ্গেই তিনি যুক্ত ছিলেন। আমাদের এখানে যে টেকনিক্যাল কলেজ হয়েছে, তার পেছনে মূল ভূমিকাই ছিল সোহেল মামার। সামাজিক ও গ্রামের উন্নয়নের যেকোনো কাজ তার দ্বারা সম্ভব ছিল। সব কাজেই তিনি ছিলেন উদ্যোগী।”
চলচ্চিত্র অঙ্গনেও সোহেল খানের ছিল আলাদা অবস্থান। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ও শেষ সময়ের স্মৃতি তুলে ধরেছেন “নসিব” সিনেমার প্রযোজক আরশাদ আদনান। তার মৃত্যুতে চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আরশাদ আদনান বলেন, “আমরা মাটির মানুষ, মাটির কাছেই থাকতে চাই। সোহেল ভাইও মাটির মানুষ ছিলেন। সবাইকেই একদিন মাটিতে মিশে যেতে হবে। যারা ভাইয়ের জানাজায় আসেননি, তারা হয়তো একসময় আফসোস করবেন, কেন শেষবারের মতো সোহেল ভাইকে দেখতে এলেন না। একজন গুণী মানুষকে সম্মান জানাতে না পারাটা ঠিক হয়নি।”
আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত চার দিন ধরে বগুড়ায় ছিলেন সোহেল খান। মৃত্যুর আগের রাতেও তার সঙ্গে কথা হয়েছিল বলে জানান এই প্রযোজক। তিনি বলেন, “রাত ১১টার দিকে আমরা শুটিং প্যাকআপ করি। তিনি খাওয়াদাওয়া করে নিজের মতো ছিলেন। তিনি আমাদের সিনিয়র শিল্পী, বড় ভাই ছিলেন। আমরা তাকে অনেক সম্মান করতাম, অনেক মিস করব। শুধু আমার সিনেমা নয়, পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্যই তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।”
পরিবারের সদস্যদের কাছেও সোহেল খান ছিলেন স্নেহের মানুষ। ফুপাতো ভাই আব্দুল আলীম খান সেলিমের সঙ্গে ছিল তার খুনসুটির সম্পর্ক। বকাঝকা করলেও কখনো রাগ করতেন না সোহেল, বরং আগের মতোই আবদার নিয়ে ফিরে আসতেন। সেই স্মৃতির কথা তুলে ধরে সেলিম বলেন, “সে আমার অত্যন্ত প্রিয় ছিল। অনেক সময় তাকে বকাঝকা করেছি, কখনো রাগ করেনি। উল্টো বলত, মিয়া ভাই, আমার গালে একটা থাপ্পড় মারেন। তবুও আমি আপনার কাছে আসব, নানা আবদার করব।”
মঙ্গলবার মাগরিবের নামাজের পর রাজাপুর ঈদগাহ মাঠে সোহেল খানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজাপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।



