চট্টগ্রামের ফটিকছড়িতে এক বর্গাচাষির কেটে রাখা পাকা ধানের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৬০ শতক জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৩ নভেম্বর) দিনগত রাতে উপজেলার সুয়াবিল ইউনিয়নের লালমাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ জাহাঙ্গীর লালমাটিয়া গ্রামের বাসিন্দা। ধারদেনা করে অন্যের জমি বর্গা নিয়ে আমন ধানের চাষ করেছিলেন তিনি। স্থানীয় সূত্র জানায়, সোমবার ধান কেটে সড়কের পাশে স্তূপ করে রেখেছিলেন জাহাঙ্গীর। মাড়াই করে ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তরা ওই স্তূপে আগুন ধরিয়ে দেয়, আর তাতে পুরো স্তূপ পুড়ে যায়।
মঙ্গলবার সকালে পোড়া ধানের ছাইয়ের পাশে দাঁড়িয়ে আহাজারি করতে দেখা যায় জাহাঙ্গীরকে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “এলাকায় কারও সঙ্গে আমার কোনো বিরোধ বা শত্রুতা নেই। কে বা কারা আমার এমন সর্বনাশ করল, বুঝতে পারছি না। ঋণ নিয়ে বর্গা জমিতে চাষ করেছিলাম। এখন সংসার কীভাবে চলবে আর ঋণের টাকাই বা কীভাবে শোধ করব, কোনো কূলকিনারা পাচ্ছি না।”
খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক বলেন, “ঘটনাটি অত্যন্ত অমানবিক ও বেদনাদায়ক। একজন কৃষক অনেক পরিশ্রম করে ফসল ফলান। তার পরিশ্রমের ফসলে আগুন দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রণোদনার ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“



