ব্রাহ্মণবাড়িয়ায় দুই বেসরকারি হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া শহরে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও হাসপাতালের কার্যক্রম পরিচালনা এবং মেডিকেল বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে একটি রেস্টুরেন্টকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের কুমারশীল মোড় এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-জামী মুহতাসিম মুইন, ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সাল আব্বাস, এসআরবি-৯ এর সদস্য এবং সদর থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম জানান, অভিযানে নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল এবং ট্রমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলেও কার্যক্রম চালু রাখা হয়েছিল। এ ছাড়া হাসপাতাল দুটিতে মেডিকেল বর্জ্য যথাযথ নিয়মে সংরক্ষণ করা হচ্ছিল না।

এসব অনিয়মের দায়ে নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালকে ২ লাখ টাকা এবং ট্রমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় “ভাত ভর্তা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজ” নামের একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।