রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের তার ছিঁড়ে যাওয়ার পর বিকল হয়ে পড়েছে। এ সময় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন রোগী ও তাদের স্বজনরা। ভাগ্যক্রমে ওই সময় লিফটে কেউ ছিলেন না।
সোমবার (২৩ নভেম্বর) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে একটি লিফট দিয়ে চলাচল করতে হচ্ছে সংশ্লিষ্ট সবাইকে।
প্রত্যাক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে বিকট শব্দ করে লিফটের তার ছিঁড়ে পড়ে। হাসপাতালের পাঁচতলা থেকে নিচে নামার সময় তিনতলায় লিফটির তার ছিঁড়ে ব্যাপক ক্ষতি হয়। এ সময় নিচে অপেক্ষামান রোগী ও স্বজনরা আতংকিত হয়ে পড়েন।
রোগীর স্বজন আকলিমা বেগম জানান, তিনি পাঁচতলা থেকে নিচে নামার জন্য লিফটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় বিকট শব্দ শোনেন। পরে জানতে পারেন লিফটের তার ছিঁড়ে গেছে। একই কথা জানান রহমান মিয়া নামে এক রোগী। তিনি নিচতলা থেকে চরতলায় যাবার জন্য অপেক্ষা করছিলেন।
হাসপপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, হাসপাতালের একটি লিফটের বয়স ৩০ বছরেও বেশি। লিফটটি মালামাল ও রোগী পরিবহন কাজে ব্যাবহৃত হয়। তবে বেশিরভাগ সময় অচল থাকে।
এদিকে লিফটের দায়িত্বে থাকা কর্মচারী বেলাল জানান, হাসপাতালের ৩টি লিফটের একটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। সচল ২টির ১টি অচল হয়ে গেলো। ফলে মুর্মূর্ষু রোগীদের হাসপাতালের পাঁচতলা পর্যন্ত নিয়ে যেতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বয়স্ক নারী-পুরুষদের অবস্থা আরও করুণ।
এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফট ইনচার্জ মোজাম্মেল হক বলেছেন, লিফট সচল করার চেষ্টা করা হচ্ছে।



