কন্যাশিশুকে ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন

নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

নড়াইলের নড়াগাতী থানায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসাদ মোল্যা (৫০) রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ দুপুর ১২টার দিকে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী আসাদ ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির মেজো বোন বাড়িতে এসে বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। পরে আশপাশের লোকজন ছুটে এলে আসাদ পালিয়ে যান।

খবর পেয়ে শিশুটর মা-বাবা কাজ থেকে বাড়িতে ফিরে তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন।

শিশুর বাবা ঘটনার দিনই আসাদ মোল্যাকে আসামি করে নড়াগাতী থানায় মামলা করেন।