Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

বরিশালে আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক

সিসি টিভি ফুটেজে তাকে রাত ১০টায় নগরীর বাংলাবাজার এলাকায় দেখা যায়

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সহকারি সিনিয়র জজ শেখ ফারহান নাদিম নিখোঁজ হওয়ার ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ফারহান নাদিম উজিরপুর ও মেহেন্দীগঞ্জের সিভিল জজ আদালতের বিচারকের দায়িত্বে রয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এ ঘটনায় জেলা জজ আদালতের নাজির মাইনুল হাসান বাদী হয়ে সাধারণ ডায়েরি করেন।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বিচারকের আদালতে কর্মরতদের বরাত দিয়ে জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আদালতে আসেন বিচারক ফারহান নাদিম। বিচার কার্য সম্পন্ন করে আদালত প্রাঙ্গণ থেকে বের হন। যথারীতি তার বাসায় যাওয়ার কথা। কিন্তু রাত ১০টায় তার স্ত্রী আদালতে তার সহকর্মী বিচারকদের কাছে ফারহানের অবস্থান জানতে চান। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তার সন্ধান না পেয়ে বিষয়টি সকলকে অবহিত করেন তার সহকর্মী বিচারকরা। এ ঘটনায় বুধবার বিকেলে কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন জেলা জজ আদালতের নাজির মাইনুল হাসান।

আদালতের বেঞ্চ সহকারি রাসেল সিকদার বলেন, “গতকাল মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষ করে মাগরিবের নামাজ আদায় করেন স্যার (বিচারক শেখ ফারহান নাদিম)। এরপর নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার ভাড়া বাসায় ফেরার কথা। কিন্তু তিনি বাসায় ফেরেননি। রাত ১০টায় স্যারের স্ত্রী মোবাইলে ফোন করে তার সহকর্মী বিচারকদের বিষয়টি অবহিত করেন। এরপর তার সন্ধানে নামেন বিচারক থেকে শুরু করে আদালত সংশ্লিষ্টরা। এমনকি বিষয়টি পুলিশকও অবহিত করা হয়।”

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে আদালতের কার্যক্রম শেষ করে গতকাল মঙ্গলবার বিকেলে রিকশাযোগে বের হন বিচারক শেখ ফারহান নাদিম। তিনি নগরীর সদর রোডের একটি পোশাকের শোরুমে যান। সেখান থেকে গির্জা মহল্লা রোডের জামে কসাই মসজিদে এশার নামাজ আদায় করেন। রাত ১০টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় দেখা যায় তাকে। এরপর তার আর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, গতকাল রাত থেকেই বিচারকের অবস্থান শনাক্তে পুলিশ কাজ করছে। নগরীর বিভিন্ন আবাসিক হোটেল এবং হাসপাতালেও তার সন্ধান চালানো হয়। 

ওসি জানান, গতকাল বিকেল ৫টায় বিচারকের ব্যবহৃত মোবাইল বন্ধ হয়ে যায়। এ কারণে মোবাইল নম্বর ব্যবহার করে কোনো তথ্য উপাত্ত সংগ্রহ করা যাচ্ছে না। তার সন্ধানে আমাদের চেষ্টা চলছে।

   

About

Popular Links

x