Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

টুঙ্গিপাড়া সরকারি কলেজের আগের নামে ব্যানার টাঙালো ছাত্রলীগ

নেতাকর্মীরা ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ নামটি ব্যবহার করার জন্য অধ্যক্ষকে অনুরোধ করেছেন 

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১২ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। 

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে কলেজের বাইরের অংশের দেয়ালে ব্যানার টাঙানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও দেখা যায়। 

ভিডিওতে দেখা যায়, বুধবার বেলা ১১ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমানের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী কলেজের অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে কথা বলছেন। 

এসময় তারা অধ্যক্ষকে উদ্দেশ্য করে বলেন, ‘‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ নামটি ‘অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের’ দেওয়া নাম। আগামীতে কলেজের আগের নাম অর্থাৎ ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ ব্যবহার করার জন্য অধ্যক্ষকে অনুরোধ করেন। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজের বাইরে শ্লোগান দিয়ে ব্যানার টাঙিয়ে দেন। 

টুঙ্গিপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ারা আক্তার বলেন, ‘‘বেলা ১১ টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজে এসে পূর্বের নামের ব্যানার টাঙিয়ে দিয়েছে। এছাড়া দাপ্তরিক সমস্ত কাজে পূর্বের নাম ব্যবহারসহ আরো যেসব স্থানে টুঙ্গিপাড়া সরকারি কলেজ লেখা আছে সেগুলো পরিবর্তন করতে বলেছেন। তবে তারা কোন প্রকার ভাঙচুর করেনি।’’ 

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘‘এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউ কিছু জানায়নি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাতে পারবো।’’  

   

About

Popular Links

x