দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে প্রদেশটির কুইন্সটাউন শহরের কাছে মইনুদ্দিন নামে একটি মদের বারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মইনুদ্দিনের দেশের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। তিনি দক্ষিণ আফ্রিকার স্টার্ডহাম এলাকায় একটি মদের বার পরিচালনা করে ব্যবসা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মধ্যরাতে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ব্যবসাসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে এটি পরিকল্পিত হত্যা কি না, হত্যার প্রকৃত কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।



