Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

মঙ্গলবার রাত ৮টার দিকে ​নারায়ণগঞ্জের ফতুল্লায় এ ঘটনা ঘটে

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

​নারায়ণগঞ্জের ফতুল্লায় হামলার ঘটনা মোবাইলে ধারণ করায় ইউসুফ মোল্লা (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল  কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত ইউসুফ মোল্লা চাঁদপুরের খিলবাজার থানার বেরকি গ্রামের মফিজ মোল্লার ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার শিয়াচর নাজমুল গার্মেন্টস সংলগ্ন শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও পেশায় গাড়ি চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে শিয়াচর তক্কার মাঠ এলাকায় কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ার হোসেন দেলুর বাড়িতে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। তাদের হাতে রামদা, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। হামলাকারীরা তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।

এ সময় দেলুর বাড়ির পেছনে শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইউসুফ মোল্লা নিজের মোবাইল ফোনে হামলার ভিডিও ধারণ করছিলেন । বিষয়টি হামলাকারীদের নজরে এলে তারা ইউসুফের কাছ থেকে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

নিহতের মামা ওমর ফারুক জানান, মঙ্গলবার রাতে কারখানা থেকে বেতন নিয়ে বাড়ি ফিরছিলেন ইউসুফ। পথে তক্তার মাঠ এলাকায় দিলুর বাড়ির সামনে কিছু লোকজনকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করতে দেখেন তিনি। এ সময় ইউসুফ নিজের মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করার চেষ্টা করলে হামলাকারীরা তার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে সে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

​হামলার নেপথ্যের কারণ উল্লেখ করে কুতুবপুর ইউনিয়ন বিএনপি নেতা ও ভুক্তভোগী দেলোয়ার হোসেন দিলু বলেন, “গত ২০ জুন রাতে ফতুলা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান আমাকে অপহরণ করে চাঁদা দাবি করে ও অস্ত্র ঠেকিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় আমার ছেলে বাদী হয়ে মামলা করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন এবং পিবিআই তদন্ত করছে। ওই মামলায় জুয়েল আরমানের নামে ওয়ারেন্ট জারি করেছে আদালত।”

তিনি আরও বলেন, “গত মঙ্গলবার জুয়েল আরমান আদালতে হাজিরা দিয়ে জামিন নেয়। জামিন পেয়ে বের হয়ে চা দোকানে বসে থাকা মামলার বাদী ও আমার ছেলে জুয়েল হাওলাদারের ওপর হামলা চালায় সে। এ নিয়ে হাতাহাতিতে উভয় পক্ষের লোকজন আহত হয়। এর জেরে রাতে জুয়েল আরমান দলবল নিয়ে প্রতিশোধ নিতে ধারালো অস্ত্রসহ আমাদের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। এ সময় আমাদের পার্শ্ববর্তী বাড়ির ভাড়াটিয়া ইউসুফ ভিডিও ধারণ করতে গেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়।”

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন বলেন, “গতকাল দুপুরে আদালত এলাকায় কৃষক দলের নেতা জুয়েল আরমান ও দিলুর লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে জুয়েল আরমানের লোকজন দিলুর বাড়িতে হামলা চালায়। হামলার ভিডিও ধারণ করায় ইউসুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে তাকে সেখান থেকে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

   

About

Popular Links

x