Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

অপমৃত্যু নয়, শ্বাসরোধে হত্যা করা হয়েছে বেগমগঞ্জের সেই শিশুকে

আট দিনেও হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন কিংবা জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জের সাত বছর বয়সী শিশুর মৃত্যু স্বাভাবিক নয়, বরং তাকে গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তবে ঘটনার আট দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন কিংবা জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে চরম ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে নিহত শিশুটির পরিবার ও স্বজনদের মাঝে।

গত ৯ নভেম্বর নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মাহতাপুর এলাকার একটি নির্মাণাধীন ঘরের পাশ থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় কোচিং করতে গিয়ে নিখোঁজ হয়েছিল সে। পরে মরদেহ উদ্ধারের সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা।

পরিবারের অভিযোগ, ঘটনার পরপরই তারা হত্যার অভিযোগ তুলে মামলা করতে চাইলেও পুলিশ সে সময় বিষয়টিকে অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত করে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক ময়নাতদন্তকারী এক চিকিৎসক জানান, নুহার মৃত্যু স্বাভাবিক নয়; তাকে গলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং প্রতিবেদনে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

নিহত নুহার চাচা সুজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার আট দিন পার হলেও পুলিশ জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি। প্রথম দিন থেকেই এটিকে হত্যাকাণ্ড দাবি করে মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যু মামলা নিয়েছিল, কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এখন নতুন করে হত্যা মামলা দায়ের করতে বলছে।

নুহার মা নাসরিন আক্তার মৌসুমি জানান, মরদেহ উদ্ধারের পর নুহার গলা, ঠোঁট, মুখ ও পিঠে ফোলা ও জখমের দাগ দেখা গিয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখনই যে তথ্য চেয়েছে পরিবার তা সরবরাহ করেছে, কিন্তু এখনো কোনো অপরাধী শনাক্ত না হওয়ায় তারা হতাশ।

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, ময়নাতদন্ত প্রতিবেদনে শিশু নুহাকে গলায় শ্বাসরোধ করে হত্যার বিষয়টি উল্লেখ রয়েছে। প্রতিবেদনটি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

   

About

Popular Links

x