Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঝিনাইদহে বিদেশি ফল ‘আনারকলি’ চাষে কৃষি উদ্যোক্তার বাজিমাত

এক বিঘা জায়গাজুড়ে তৈরি মাচায় লতানো গাছে শোভা পাচ্ছে সবুজ রঙের আনারকলি ফল

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

ব্যাংকের লোভনীয় চাকরি ছেড়ে কৃষিতে মনোনিবেশ করে এলাকায় নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা খন্দকার মোহাম্মদ মিজানুর রহমান। প্রচলিত ফসলের বাইরে ২৭ বিঘা জমিতে বিভিন্ন জাতের ফুল ও ফলের পাশাপাশি উপজেলার মধ্যে সর্বপ্রথম বাণিজ্যিকভাবে বিদেশি ফল ‘আনারকলি’ (প্যাশন ফ্রুট) চাষ করে অভাবনীয় সফলতা পেয়েছেন তিনি।

উপজেলার চাঁদবা গ্রামের মৃত খন্দকার তবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান ২০২৩ সালে শখের বশে মাত্র চারটি আনারকলি ফলের চারা রোপণ করে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন। পরবর্তীতে ভালো ফলন ও বাণিজ্যিক সম্ভাবনা দেখে ২০২৫ সালে ১৩০টি চারা রোপণ করে বাণিজ্যিক যাত্রা শুরু করেন। বর্তমানে তাঁর এক বিঘা জমির মাচায় থোকায় থোকায় ঝুলছে ছোট-বড় অসংখ্য কাঁচা ও পাকা আনারকলি ফল।

সরেজমিনে দেখা যায়, এক বিঘা জায়গাজুড়ে তৈরি মাচায় লতানো গাছে শোভা পাচ্ছে সবুজ রঙের আনারকলি ফল। প্রতিদিন দূরদূরান্ত থেকে দর্শনার্থী ও নতুন উদ্যোক্তারা তার বাগান দেখতে আসছেন। মিজানুর রহমান আগ্রহী দর্শনার্থীদের ফলের স্বাদ দেওয়ার পাশাপাশি চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা দিচ্ছেন এবং নিজেই চারা উৎপাদন করে তা সরবরাহ করছেন।

উদ্যোক্তা মিজানুর রহমান জানান, বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ- এই তিন মাস বাদে বাকি নয় মাসই বাগান থেকে ফল পাওয়া যায়। চলতি মৌসুমে এই ফল বিক্রি করে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। আকারভেদে প্রতিটি ফল ২০ থেকে ২৫ টাকা দরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে। এমনকি তার বাগানের উৎপাদিত আনারকলি চীনেও রপ্তানি করা হয়েছে। ভবিষ্যতে এই ফলের চাষ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তার।

মিজানুর রহমান বলেন, “বর্তমানে আনারকলি ফলটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের এলাকার উর্বর মাটিতে কম উৎপাদন খরচে এই ফল চাষ করে কৃষকরা সহজেই লাভবান হতে পারবেন।”

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি জানান, আনারকলি চাষ অত্যন্ত লাভজনক এবং দেশের পর্যটন এলাকাগুলোতে এই ফলের ব্যাপক চাহিদা রয়েছে। মিজানুর রহমানের মতো স্থানীয় অন্য কৃষকরাও যদি এই ফল চাষে এগিয়ে আসেন, তবে কৃষি অফিসের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে মিজানুর রহমানের এই সাফল্য স্থানীয় কৃষকদের নতুন ও লাভজনক ফসল চাষে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

   

About

Popular Links

x