গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কুশলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী স্লোগান দিতে দিতে নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে। পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের উপরের অংশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানিয়ে দেয়। এরপর মাঠে কিছু সময় শ্লোগান দিয়ে চলে যায় তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন শিকদার বলেন, ‘‘আমি ছুটিতে থাকায় বিদ্যালয়ে যেতে পারিনি। দুপুরে জানতে পারি ছাত্রলীগের জাকির ও রাজীবসহ আরো ১৫-২০ জন গিয়ে কক্ষে বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানিয়েছে। তবে কোন প্রকার হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।’’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম তালুকদার বলেন, ‘‘এ বিষয়ে বিদ্যালয় থেকে আমাকে কেউ কিছু জানায়নি। তাই না জেনে বিষয়টি সম্পর্কে কিছু বলতে পারবো না।’’
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘‘এ বিষয়ে কিছুই জানিনা। খোঁজখবর নিতে হবে।’’



