ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো শর্ত দেওয়া হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বিবিসি বাংলায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনের কোনো ভিত্তি নেই এবং এটি সরকারের দায়িত্বশীল কোনো জায়গা থেকেও আসেনি।
সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
গত বৃহস্পতিবার ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়, চব্বিশের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন।
প্রতিবেদনে প্রথম শর্ত হিসেবে বলা হয়েছিল, যেহেতু শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে, তাই তাকে ফিরিয়ে নেওয়ার কাজটিও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে, তা আকাশপথে হোক কিংবা স্থল সীমান্তের কোনো পয়েন্টে। দ্বিতীয় শর্ত হিসেবে বলা হয়েছিল, শেখ হাসিনা যেন তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশ সরকারকে সেই নিশ্চয়তা দিতে হবে।
বিবিসি বাংলার ওই প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “এই প্রতিবেদনের বাংলাদেশের আইনে বা বাস্তবতায় কোনো ভিত্তি নেই। এ রকম প্রতিবেদন তো আপনিও ছাপাতে পারেন। প্রতিবেদন মানেই তো আর অফিশিয়াল কিছু নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে অফিশিয়ালি কিছু জানানো হলে কেবল তখনই আমরা তা বিবেচনা করব বা জবাব দেব। এর বাইরে কে কোথায় কী লিখল, সেটা দেখার সময়ও আমাদের নেই, সেটা আমাদের বিষয়ও না।”
ভারত বা অন্য কোনো কূটনৈতিক মাধ্যমে ওই দুই শর্তের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, “না, একেবারেই না। এ বিষয়ে ভারতের সঙ্গে আমাদের কোনো কথাই হয়নি।”



